জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ট্রাম্পের

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ চূড়ান্ত হয়নি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
তিনি বলেন, ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত।
জ্বালানি সংকট সমাধানে গুরুত্ব দিচ্ছে সরকার
জ্বালানি খাতের সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা যায়, তা এনার্জি সেক্টরের দিকে তাকালেই বোঝা যাবে। তবে প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
‘মক্কা চুক্তি’ নিয়ে চলছে আলোচনা
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়। বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে।
তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের যেখানে যাওয়া প্রয়োজন, সেখানে যাওয়া হবে।
বোয়িং বিমান কেনায় যুক্তরাষ্ট্রের চাপ নেই
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে বোয়িং বিমান কিনতে হবে—এমন কোনো চাপ নেই। দেশের চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনা হচ্ছে।
প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং বিমান কেনা হতে পারে বলেও জানান তিনি।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে সিন্ডিকেটের প্রভাব
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সিন্ডিকেটের কারণে দেশটিতে বাংলাদেশি শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল।
বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে জানিয়ে তিনি বলেন, ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
