সাম্প্রতিক
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ গ‍্যাস সরবরাহ কমার পর বেড়েছে লোডশেডিং নিট ফেব্রিক আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতির জাগরণ ঘটানোই আমাদের মহাপরিকল্পনা: রেজাউদ্দিন স্টালিন মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নারীরা রাজধানীতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু
Skip to content

কুমিল্লায় লংমার্চ কর্মসূচিতে জামায়াত আমির

দাবি না মানলে ডিসেম্বরেই সরকার পতনের আন্দোলন

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। ছবি: সংগৃহীত

দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

তিনি বলেছেন, ছয় দফা দাবি আদায়ে শুরু হওয়া আন্দোলন দেশের সব বিভাগীয় শহরে যাবে। সরকার দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন।

শনিবার (৫ আগস্ট) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পান? কৃষকরা কি সময়মতো সার পান? ব্যবসায়ীরা কি চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারেন? কুমিল্লায় দুর্নীতি আছে কি না—আছে। এসব সমস্যার সমাধান চান বলেই আমরা রাস্তায় নেমেছি।’

তিনি বলেন, এই লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে। সরকার এসব দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করার পরই তারা ঘরে ফিরবেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।

‘কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়ন করুন’

কুমিল্লাবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, কুমিল্লাবাসী দীর্ঘদিন ধরে বিভাগ দাবি করে আসছেন। ১৯৯৪ সালে সিলেট বিভাগ হওয়ার সময় একই সঙ্গে কুমিল্লাকে বিভাগ করার দাবিও উঠেছিল। কিন্তু সে সময় কুমিল্লা বিভাগ হয়নি। তার প্রশ্ন, ‘তাহলে কুমিল্লাবাসীর অপরাধ কী?’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকারকে পরিষ্কারভাবে বলেছি, কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা করবেন না। কুমিল্লা বিভাগ করুন এবং এর বাস্তবায়ন নিশ্চিত করুন।’

তিনি বলেন, পাশের জেলা নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন। তারাও দাবিদার। তাদেরও বিভাগ দেওয়া উচিত। তবে কুমিল্লা যেহেতু ১৯৯৪ সাল থেকে বিভাগ দাবি করে আসছে, তাই কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়ন করার দাবি জানান তিনি।

‘কোনো জেলার নাম নিয়ে বাড়াবাড়ি করবেন না’

কুমিল্লার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের বাড়ির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘খন্দকার মোশতাকের বাড়ি কুমিল্লায়—এ কারণে কি আপা কুমিল্লার প্রতি বিরাগ দেখিয়েছিলেন?’

তিনি আরও বলেন, ‘কুমিল্লার নাম নিয়ে বাড়াবাড়ি করবেন না। কোনো জেলার নামকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা হলে তা ওই জেলা ও বিভাগের প্রতিটি নাগরিককে অপমান করার শামিল।’

বর্তমান সরকার বিভাগ দেওয়ার কথা বলেছে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘তাহলে দিচ্ছে না কেন?’ এ সময় তিনি কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানান।

কুমিল্লায় বিমানবন্দর চালুর উদ্যোগের আহ্বান

কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়ে জামায়াত আমির বলেন, এখানে বিমানবন্দর করার বিষয়টি সামনে এসেছে। কুমিল্লায় একটি ইপিজেডও রয়েছে। বিমানবন্দরটি যাচাই-বাছাই করে চালু করার উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে তার আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানান তিনি।

তিনি বলেন, প্রশাসনিক কাজে কুমিল্লার মানুষকে চট্টগ্রামে যেতে অনেক দূর যেতে হয়। কুমিল্লা বিভাগ হলে স্থানীয় মানুষ এখান থেকেই প্রয়োজনীয় প্রশাসনিক সেবা পাবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা কি বাংলাদেশের মানুষের মুক্তি চান? সরকার নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা কি রক্ষা করছে? করেনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না রেখে এবং নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না করে তিনি একসঙ্গে অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘যদি নিজ মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকতে চান, তাহলে অন্য সব দায়িত্ব ছেড়ে দিয়ে আগে নিজের মন্ত্রণালয়ের পরিস্থিতি ঠিক করুন। আমাদের যুব-সমাজকে রক্ষা করুন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।’

পথসভায় ১১ দলীয় জোটের নেতারা

কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীসহ অন্যরা।

এনএনবাংলা/