নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫ তম শাহাদতবার্ষিকী পালিত
নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী।
এ উপলক্ষে নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের আয়োজনে কুরআনখানি, শোভাযাত্রা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান (সশস্ত্র সালাম), আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে অনুষ্ঠিত হয় কুরআনখানি। বেলা সাড়ে ১০ টায় একটি শোভাযাত্রা বের হয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের গ্রামের বাড়ি নূর মোহাম্মদ নগরে স্থাপিত স্মৃতিসৌধে পৌঁছায়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, জেলা ক্রীড়া সংস্থা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন সংগঠন। এসময় পুলিশ বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।
দুপুরে নড়াইল নূর মোহাম্মদ নগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নিবার্হী অফিসার টি এম রাহসিন কবীর, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ছেলে এস এম গোলাম মোস্তফা কামাল, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবু্বুর রশিদ লাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছার ঘরে জন্ম নেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। তাঁর সম্মানে মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়েছে। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন তিনি।
এনএনবাংলা/
