আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই চালক আরও ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে এসে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফকে লাঠি দিয়ে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ছেলে আরিফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মো. আলতাফ হোসেন ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামে। পরিবার নিয়ে তিনি সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন,পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।
সাইফুল আলম আরও বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত কারণ এবং জড়িত ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এনএনবাংলা/এফএস
