এক যুগ পর ভোট, নতুন নেতৃত্ব পেল খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন
আইনি জটিলতা ও নানা ধরনের বাধাবিঘ্ন পেরিয়ে দীর্ঘ ১২ বছর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে সভাপতি পদে এনটিভির খুলনা অফিস প্রধান আলহাজ্ব আবু তৈয়ব নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের খুলনা প্রতিনিধি রাজু আহমেদ।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক দিনকালের খুলনা প্রতিনিধি ফকির শহিদুল ইসলাম, এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের রিপোর্টার খাইরুল আলম নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন—দৈনিক তথ্যের চীফ রিপোর্টার হাসান আহমেদ মোল্লা, ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান কনক রহমান, খুলনা গেজেটের এস এম মাহবুবুর রহমান, দৈনিক প্রবর্তনের ডি এম রেজা সোহাগ এবং এখন টেলিভিশনের রামিম চৌধুরী।
দীর্ঘ এক যুগ পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুলনার সাংবাদিক মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে অংশগ্রহণকারী সাংবাদিকরা সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এনএনবাংলা/
