সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রথম দিনে ২৫০ কোটি টাকা উত্তোলন

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রথম দিনে প্রায় ২৫০ কোটি টাকা উত্তোলন করেছেন। তবে আবেদনকারীর সংখ্যা ও প্রত্যাশার তুলনায় প্রথম দিনে উত্তোলনের পরিমাণ কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য জানান। দীর্ঘ দিন ধরে ব্যাংকে আটকে থাকা টাকা তুলতে গ্রাহকরা সকাল থেকেই রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগ এলাকার বিভিন্ন শাখায় ভিড় করেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অনেক গ্রাহকই স্বাভাবিকভাবে টাকা উত্তোলন করতে পেরেছেন।
একীভূত হওয়া ব্যাংক পাঁচটি হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। পাঁচ ব্যাংক একীভূত হয়ে বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকগুলোর মোট শাখা রয়েছে ৭৬১টি।
ব্যাংক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ৭৫ হাজার গ্রাহক তাদের আমানতের অর্থ ফেরত পেতে আবেদন জমা দিয়েছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের দাবির পরিমাণ প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়, যা সোমবার সকালে চাহিদা অনুযায়ী বিভিন্ন শাখায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার জানিয়েছেন, আমানত উত্তোলনের জন্য কোনো গ্রাহককেই খালি হাতে ফিরতে হবে না। যারা টাকা তুলতে আসবেন, সবার দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকদের আবেদনের ভিত্তিতেই এই অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
এনএনবাংলা/এফএস
