কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিক্যাল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা কলেজের বার্ষিক ভ্রমণের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন-যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। তাদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। সোমবার রাতে তারা সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে রওনা হন। ভোরের দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনায় কবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে আহত হয় ২০ জন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এনএনবাংলা/এফএস
