জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটের দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নেন ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এর আগে জানানো হয়েছিল, শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় রাত ১টার দিকে তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন।
আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।
যেভাবে ইউএনজিএ সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান
গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ড. খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা।
নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
ফলে প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের জন্য এটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
এনএনবাংলা/
