সাম্প্রতিক
Skip to content

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সোয়াল

রণধীর জয়সোয়াল। ছবি ভিডিও থেকে নেওয়া

ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এখনো তারেক রহমানের ভারত সফর নিশ্চিত হয়নি।

সম্ভাব্য সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে জানানোর মতো তার কাছে নতুন কোনো তথ্য নেই।

এদিকে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও এ বিষয়ে ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বৈঠকে তারেক রহমানের ভারত সফর এবং শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাওয়া হয় জয়সোয়ালের কাছে।

জবাবে তিনি বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যতে এই সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরু হতে পারে—এমন প্রতিবেদন নিয়েও জয়সোয়ালের কাছে জানতে চান সাংবাদিকরা। এ বিষয়ে তার কাছে হালনাগাদ কোনো তথ্য নেই বলে জানান তিনি।

এনএনবাংলা/