ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি দেশজুড়ে হাম ও এর উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে ১ হাজার ১১১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তি এবং হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
একই সময়ে সারা দেশে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৪৯ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায়)।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুরে ৩৮ জন, রাজশাহীতে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে পুরুষের হার ৬৫ দশমিক ৭ শতাংশ এবং নারীর হার ৩৪ দশমিক ৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ২২০ জনে। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪১ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মোট শনাক্ত আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৬ শতাংশ। তবে মৃত্যুর ক্ষেত্রে নারীদের হার বেশি—৫২ দশমিক ১ শতাংশ।
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে।
নতুন মৃত তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের। তাদের একজনের বাড়ি চট্টগ্রামে এবং অন্যজন নোয়াখালীর। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে ১ হাজার ১১১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। নতুন আক্রান্তসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে।
এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন। হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এনএনবাংলা/
