জাপানে আবাসন সংকটে চরম ভোগান্তিতে বাংলাদেশের আরচাররা

নানা প্রতিকূলতা আর বিতর্কের মধ্য দিয়ে জাপানে ২০তম এশিয়ান গেমস চলছে। আবাসন ব্যবস্থা নিয়ে ভারতসহ কয়েকটি দেশের পক্ষ থেকে অভিযোগ ও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের আরচাররাও চলমান এশিয়ান গেমসে আবাসনসংকটে ভুগছে।
মঙ্গলবার দেশটির আয়োজকদের কাছে পৌঁছানোর পর দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত কক্ষ না পাওয়ায় রাত কাটাতে হয়েছে নানা সমস্যার মধ্য দিয়ে।
আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর রায়হান বলেন, “আমরা ট্রানজিটে হংকংয়ে আট ঘণ্টা বসেছিলাম। এরপর রুমের জন্য ওয়েলকাম সেন্টারে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেছি। এরপরও ঠিকঠাক রুম বরাদ্দ পাইনি। কোনো রকমে গাদাগাদি করে রাত কাটিয়েছে আরচাররা। সকালে নাশতা না করেই অনুশীলনে যেতে হয়েছে। এভাবে চলতে থাকলে ভালো ফল করা সম্ভব নয়।”
এবারের গেমসে বাংলাদেশ ২২টি ইভেন্টে অংশ নিচ্ছে। এর মধ্যে সম্ভাব্য পদক প্রাপ্তির তালিকায় আরচ্যারি ছিল অন্যতম। কিন্তু নতুন এই সমস্যায় আরচারির পদক প্রাপ্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খেলা সংশ্লিষ্টরা।
সাধারণত একটি দেশের কন্টিনজেন্টের প্রধান শেফ দ্য মিশন সার্বক্ষণিক গাড়ির সুবিধা পেয়ে থাকেন। তবে জাপানে সেই সুবিধা পাচ্ছে না বাংলাদেশ।
আরচারদের জন্য বরাদ্দ করা সাতটি কক্ষের পরিবর্তে চারটি কক্ষ দেওয়া হয়েছিল। এ নিয়ে আয়োজকদের সঙ্গে কয়েক ঘণ্টা আলোচনা করেও তাৎক্ষণিক সমাধান পাওয়া যায়নি।
আয়োজকদের আবাসন ব্যবস্থাপনার পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্তদের প্রস্তুতি ও ব্যবস্থাপন নিয়েও প্রশ্ন উঠেছে। মঙ্গলবার রাত থেকে আলোচনার পর বুধবার সকালেও সমস্যার সমাধানে কাজ করছেন বাংলাদেশের কর্মকর্তারা।
এর মধ্যেই আবাসনসংকটের কারণে নানা ভোগান্তির মধ্যেও বুধবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ আরচারি দল।
এনএনবাংলা/এফএস
