থাইল্যান্ডে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে অংশ নিয়ে দেশে ফেরার পথে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে আটকা পড়েছেন দলের ৫ খেলোয়াড় ও কোচ। থাইল্যান্ডে আকস্মিক বন্যার কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় খেলোয়াড়-কোচরা এই অবস্থায় পড়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।
আটকা পড়া দলের সদস্যরা হলেন ইমরুল কায়েস ইমন, রামহিমলিয়ন বম, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি, সামান্তা হোসেন তুসি এবং দলের কোচ ও ফেডারেশনের সদস্য মোহসিনুল আলম ঝিনু।
ব্যাংকক থেকে বাংলাদেশ দলের দুর্ভোগের কথা জানিয়েছেন টিটি দলের কোচ মোহসিনুল আলম ঝিনু। তিনি বলেন, ‘আমরা গত দুই দিন ধরে বোর্ডিং গেটের সামনে বসে রয়েছি। বেশ কয়েকবার থাই এয়ারওয়েজ ফ্লাইটের শিডিউল দিয়ে যায়নি। প্রথম দিন সবাইকে প্রতি বেলা ৪০০ বাথ করে দিয়েছিল। গতকাল থেকে সেটাও দিচ্ছে না। রাতে চেয়ারে বসেই পার করতে হচ্ছে।’
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আমরা প্রতিনিয়ত টিটি দলের সঙ্গে যোগাযোগ করেছি। থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসও এ বিষয়ে অবহিত। ফ্লাইট পরিবর্তনের চেষ্টা চলছে।’
জানা গেছে, মূলত থাই এয়ারওয়েজের যাত্রীরাই বন্যার কারণে বেশি ভোগান্তিতে পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় থাই এয়ারওয়েজ ও বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সমস্যায় পড়েছে। এতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচকেও বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে।
আটকে থাকা দলের সদস্যদের বিকল্প ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে তাঁদের কবে দেশে ফেরানো সম্ভব হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/এফএস
