ইসরায়েলগামী বিমানে হামলাকারী কো-পাইলটের পরিচয় প্রকাশ

সংযুক্ত আরব আরব আমিরাতের দুবাই থেকে দখলদার ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানের হামলাকারী কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম। তার নাম হামাম আল-হামানি।
২৯ বছর বয়সী এ পাইলট ওমানের নাগরিক বলে দাবি করা হয়েছে। তবে তিনি বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামাম আল-হামানির লিংডইন অ্যাকাউন্টে দেখা গেছে, তিনি ওমান এয়ারে ৭ বছর কাজ করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওমান এয়ার ছাড়ার পর ওই বছরের জুনে মরক্কোর রয়্যাল এয়ার মারোকেতে যোগ দেন তিনি। ওই প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের জুনে চাকরি ছেড়ে দেন। তবে তার লিংডইনে ফ্লাইদুবাইয়ের কথা উল্লেখ নেই।
একাধিক সূত্র নিশ্চিত করেছে এ অ্যাকাউন্টটি হামামের। যদিও অ্যাকাউন্টটি এখন ডিলিট করে দেওয়া হয়েছে।
সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, হামাম অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। যা তার সামাজিকমাধ্যমে পোস্ট করা পুরোনো পোস্টগুলোতে ফুটে উঠেছে।
এরমধ্যে একটি পোস্টে নিজের বিয়ের জন্য মায়ের পাত্রী খোঁজার কথা উল্লেখ করেছেন তিনি। এতে তিনি বলেছেন, তার শর্ত ছিল যে তার স্ত্রী হবে, বিয়ের পর তাকে নিকাব পরতে হবে এবং চাকরি করা যাবে না। কিন্তু তার এ শর্তে কোনো মেয়ে রাজি হয়নি। কিন্তু যখন জানতে পারে তিনি পাইলট, তখন সবাই তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়।
২০২২ সালে এক্সে করা পোস্টে তিনি এ নিয়ে বলেছেন, “আমার শর্ত মানবে এমন পাত্রী খুঁজে পেতে মা হিমশিম খাচ্ছিল। আমার শর্ত ছিল নিকাব পরতে হবে এবং বিয়ের পর চাকরি ছেড়ে দিতে হবে। কিন্তু তারা সবাই (বিয়ের জন্য খোঁজা পাত্রী) আমার শর্ত প্রত্যাখ্যান করে। আমার মা তাদের বলে ‘আমার ছেলে পাইলট’। আর এটি শুনে তারা সবাই হঠাৎ বিয়ের জন্য রাজি হয়ে যায়।”
এছাড়া নারী ও পুরুষদের একসঙ্গে কাজ করা নিয়েও দ্বিমত ছিল হামামের। তার মতে, এটি নারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
২০২২ সালেই করা পোস্টে তিনি লেখেন, “কতজন সম্মানীয়, ধার্মিক মেয়ে ছেলেদের সঙ্গে একসঙ্গে কাজ করে ধ্বংস হয়ে গেছে এবং তাদের কৌশলে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে?”
এনএনবাংলা/এফএস
