Skip to content

Upcoming
Qatar
0-0
Switzerland
Source: ESPN

এবার অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ড

অনলাইন ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলা নতুন কোচ নিয়োগ দিয়েছে। গত সপ্তাহে সাউদাম্পটনের কাছে ০-১ গোলে হারের পর ডিন স্মিথকে বহিষ্কার করে দিয়েছিল ক্লাবটি। এখন তার জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি মিডফিল্ডার স্টিভেন জেরার্ড। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব ছেড়ে অ্যাস্টন ভিলার দায়িত্ব নিলেন জেরার্ড। লিগে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল রেঞ্জার্স। অন্যদিকে, ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে রয়েছে অ্যাস্টন ভিলা। নতুন ক্লাবে দায়িত্ব নেওয়ার পর জেরার্ড বলেছেন, ‘অ্যাস্টন ভিলার বর্ণাঢ্য ইতিহাস রয়েছে এবং ইংলিশ ফুটবলের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। ক্লাবের নতুন হেড কোচ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। সামনের দিনগুলোতে ভালো করার জন্য মুখিয়ে আছি।’ অ্যাস্টন ভিলার দায়িত্ব নেওয়ার আগে রেঞ্জার্সের হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন জেরার্ড। গত মৌসুমে তার অধীনেই দশ বছরের মধ্যে প্রথমবার প্রিমিয়ারশিপ শিরোপা জিতেছে রেঞ্জার্স। পুরো আসরে অপরাজিত ছিল তার দল।