মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি আট হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ কোনো মেডিকেল সেন্টার নিতে পারবে না।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় মালয়েশিয়াগামী কর্মীদের কোনো অবস্থাতেই মেডিকেল পরীক্ষার জন্য আট হাজার টাকার বেশি না দিতে এবং এ কাজে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করতে সতর্ক করেছে।
এছাড়া কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে পরিচালিত হবে না বলেও স্পষ্ট করেছে মন্ত্রণালয়। নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
কোনো কর্মী একটি এজেন্সির মাধ্যমে মেডিকেল স্লিপ নেওয়ার পর অন্য কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে তার মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি, অযথা বিলম্ব বা অন্য কোনো অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে secretary@probashi.gov.bd ঠিকানায় ই-মেইল করে অভিযোগ জানানো যাবে।
এছাড়া মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া স্বচ্ছ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাখতে মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এনএনবাংলা/এফএস
