সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

দূতাবাসের সহায়তায় সৌদি থেকে দেশে ফিরলেন শিল্পী আক্তার

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরেছেন সৌদি আরবে কর্মরত গৃহকর্মী শিল্পী আক্তার। গত রবিবার (১৪ আগস্ট) ঢাকায় পৌঁছেছেন তিনি।

জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট এলাকার সৌদি প্রবাসী শিল্পী আক্তার সম্প্রতি দেশে ফেরার আকুতি জানিয়ে তার বাবা-মায়ের কাছে টেলিফোনে আকুল আবেদন জানান। যা গত ৮ আগস্ট দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি দূতাবাসের নজরে আসে। এরপর সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) তাৎক্ষণিকভাবে দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে গৃহকর্মী শিল্পী আক্তারকে তার পাওনা আদায় করে জরুরি ভিত্তিতে দেশে পাঠানোর নির্দেশ দেন।

এ প্রেক্ষিতে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে কর্মরত বাংলাদেশি গৃহকর্মী শিল্পী আক্তারের কর্মস্থলের ঠিকানা ও পাসপোর্ট নম্বর সংশ্লিষ্ট বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ‘ফোর সাইট ইন্টারন্যাশনাল’- এর সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে।

দূতাবাসের আইন সহকারী সৌদি শ্রম মন্ত্রণালয়ের ‘সমর্থন ও সহায়তা বিভাগ’ এবং সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করে গৃহকর্মী শিল্পী আক্তারের নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া সৌদি শ্রম আইন অনুযায়ী নিয়োগকর্তার খরচে তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়। এ প্রেক্ষিতে গত ১৪ আগস্ট দেশে পৌঁছান শিল্পী আক্তার।

দেশে বাবা-মায়ের কাছে ফিরতে পেরে দূতাবাসের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী আক্তার। তার বাবা-মাও তাদের মেয়েকে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দূতাবাসকে ধন্যবাদ জানান।

—ইউএনবি