শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা—এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, শনাক্ত হওয়া নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন রয়েছেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। বিশেষ করে হেফাজতে ইসলামের যেসব সদস্য নিহত হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারের বক্তব্য নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে আগে থেকেই বিরোধিতা ছিল এবং তারা ঢাকায় অবস্থান নিলে তা প্রতিহত করার পরিকল্পনা করা হয়েছিল। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল।
এই প্রেক্ষাপটে তিনি ঘটনাটিকে ‘সিস্টেমেটিক’, ‘ওয়াইডস্প্রেড অ্যাটাক’ এবং ‘টার্গেটেড কিলিং’ হিসেবে বর্ণনা করেন।
এনএনবাংলা/পিএইচ
