Skip to content

Upcoming
Curaçao
0-0
Ivory Coast
Source: ESPN

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে শুরু হবে ঈদের অগ্রিম টিকিট বিক্রি, যেদিন পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। আগের মতো এবারও সব অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। মঙ্গলবার (৫ মে) রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানিয়েছেন, ১৩ মে থেকে পর্যায়ক্রমে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে ঈদের আগপর্যন্ত চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট, ১৪ মে ২৪ মে, ১৫ মে ২৫ মে, ১৬ মে ২৬ মে এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এদিকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে, যেদিন পাওয়া যাবে ৩১ মে যাত্রার টিকিট। এরপর ২২ মে ১ জুন, ২৩ মে ২ জুন, ২৪ মে ৩ জুন এবং ২৫ মে ৪ জুন যাত্রার ফিরতি টিকিট বিক্রি করা হবে। নির্দেশনায় বলা হয়েছে, অগ্রিম ও ফিরতি—উভয় টিকিটই ফেরতযোগ্য নয় এবং একজন যাত্রী একবার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। এছাড়া ঈদ উপলক্ষে ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানো হবে, যার মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’, চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ উল্লেখযোগ্য। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহগামী চারটি বিশেষ ট্রেন ঈদের দিন চলবে।

এ ছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দুইটি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। এসব ট্রেন দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

এনএনবাংলা/