সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনার ‘কোটিপতি পিয়ন’ জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকা পাচারের মামলা

 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরের আলোচিত ‘কোটিপতি পিয়ন’ জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।

সংস্থাটি জানায়, নোয়াখালীর চাটখিল উপজেলার এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে চাকরি শুরু করেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি প্রধানমন্ত্রীর দফতরে স্বল্প সময়ের জন্য ‘ব্যক্তিগত সহকারী’ হিসেবে দায়িত্ব পান—যা তার ভাগ্য বদলে দেয় বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

২০১০ সালে জাহাঙ্গীর ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠন করে বিকাশের ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করেন। তবে কোম্পানির আড়ালে চলতে থাকে সন্দেহজনক ব্যাংকিং লেনদেন। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির নামে বিভিন্ন ব্যাংকে ৫৬৫ কোটিরও বেশি টাকার লেনদেন হয়, যার বৈধ উৎস পাওয়া যায়নি।

সিআইডি জানায়, এসব অর্থের বড় অংশ নগদে জমা হয়েছে দেশের নানা জায়গা থেকে এবং তা হুন্ডি ও মানি লন্ডারিং চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে প্রমাণ মিলেছে।

তদন্তে আরও জানা যায়, জাহাঙ্গীর তার স্ত্রী কামরুন নাহার ও ভাই মনির হোসেনের সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ লেনদেন চালিয়ে আসছিলেন। ২০২৪ সালের জুন মাসে তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থান করছেন। বিদেশে তাদের সম্পদ বা বিনিয়োগের সরকারি অনুমোদনের কোনো তথ্য মেলেনি।

প্রাথমিক অনুসন্ধানে সিআইডি নিশ্চিত হয়েছে যে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী ও ভাই মিলে ২০১০–২০২৪ সালের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

সিআইডি জানিয়েছে, অভিযুক্তদের সম্পূর্ণ অর্থপাচার চক্র উদঘাটন, সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/