তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না। সঠিক তথ্য তুলে ধরতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি এবং অনুমানভিত্তিক সংবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের সংবাদ ও তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনেক সময় মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা অত্যন্ত প্রয়োজন।
সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে প্রতিটি জেলায় একটি করে প্রেসক্লাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী ‘পাবনা বইমেলা’ উদ্বোধন করেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হওয়া নির্যাতনের একটি তালিকাও প্রস্তুত করা হচ্ছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ