রায়গঞ্জে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার থেকে সলঙ্গাগামী সড়কের ওভারব্রিজের পশ্চিম পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার কাছে থাকা মাদকদ্রব্য স্ক্যাফ ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য স্ক্যাফ সিরাপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সংগ্রহ করে মোটরসাইকেলে বহনপূর্বক সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাজনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (৩০)।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
