Skip to content

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

ছবি: আনন্দবাজার পত্রিকা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। বাংলাদেশ সময় তখন ছিল দুপুর ১২টা ৩০ মিনিট।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং দলটির শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী হিসেবেও শপথ নেন। তারা হলেন— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর পর্যায়ক্রমে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক।

গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনে ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি। এরপর থেকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। বিজেপির শীর্ষ নেতারা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছিলেন, বাংলাভাষী ও বাংলামাধ্যমে শিক্ষিত কোনও নেতাকেই মুখ্যমন্ত্রী করা হবে।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছিল, বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবেন শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হয়। শুক্রবার বিজেপির বিধায়কদলের বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন অমিত শাহ।

বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ বলেন, “পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব জমা পড়েছিল এবং প্রতিটি প্রস্তাবেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় কোনও নাম না আসায় তাকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে।”

এনএনবাংলা/পিএইচ