Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন মোরছালিন। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে এবং গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজ-এর এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অপর নিহত নবীর হোসেনের (৪০) বাড়ি মধুপুর গ্রামে। পারিবারিক সূত্রের দাবি, নিহত দুজনের মরদেহ বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে রয়েছে।

এ ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। যদিও তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, রাতে কয়েকজন চোরাকারবারী মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। একই সময় নবীর হোসেনসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় নবীর হোসেনকেও সেখানে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহত দুজন চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তিনি আরও বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ অব্যাহত রেখেছে।

এনএনবাংলা/পিএইচ