Skip to content

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী মারসা পরিবহণের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একই কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকেই এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে লোহাগাড়া ট্রমা সেন্টার-এ চিকিৎসাধীন আরও তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ পুলিশ-এর দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এনএনবাংলা/পিএইচ