Skip to content

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং তা পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, চুক্তিতে ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিল করার সুযোগ রয়েছে। পাশাপাশি আলোচনার মাধ্যমে দুই দেশ চাইলে চুক্তির বিভিন্ন শর্ত পরিবর্তনও করতে পারে। তার মতে, সরাসরি বাতিলের পথে না গিয়ে প্রথমে সরকারি পর্যায়ে চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনা করা উচিত।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে চুক্তির সম্ভাব্য সমস্যাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে এবং ভিডিও তৈরি করা হচ্ছে—এসব আলোচনা চলমান থাকুক বলেও তিনি মত দেন।

তথ্য উপদেষ্টা জানান, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। সরকারের ভেতরেও চুক্তিটি নিয়ে পর্যালোচনার চিন্তা রয়েছে। তিনি বলেন, চুক্তি বাতিল করলে দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) নিয়ে নতুন করে সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই যেসব ধারা রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা সমস্যাজনক মনে হবে, সেগুলো নিয়ে আগে সরকারের পক্ষ থেকে প্রাথমিক মূল্যায়ন করা হবে এবং পরে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব চুক্তি এক ধরনের নয়। কিছু চুক্তি এগ্রিমেন্ট, আবার কিছু সমঝোতা স্মারক (এমওইউ)। অনেক এগ্রিমেন্টে আইনগত বাধ্যবাধকতা থাকে, ফলে সেখান থেকে বেরিয়ে আসা অনেক সময় চুক্তি বহাল রাখার চেয়েও বেশি ক্ষতির কারণ হতে পারে।

তিনি আরও বলেন, কোনো গণতান্ত্রিক সরকারকে চুক্তির বিভিন্ন দিক বিবেচনায় নিতে হয়। কিছু কিছু চুক্তির নির্দিষ্ট অংশ গোপন রাখার শর্তও থাকতে পারে। তবে জনগণের জানার অধিকার এবং সংসদে বিষয়টি উপস্থাপনের সাংবিধানিক সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতে জনগণের স্বার্থের পরিপন্থী হয়ে থাকতে পারে—এমন সব চুক্তি ও সমঝোতা স্মারকের মূল্যায়ন সরকার করবে। কিছু সমঝোতা স্মারক থেকে বেরিয়ে আসা তুলনামূলক সহজ হলেও, অনেক আনুষ্ঠানিক চুক্তির ক্ষেত্রে তা সহজ নয় বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসীন এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

এনএনবাংলা/পিএইচ