সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় হুমকি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে বাহিনীর কোনো সদস্য যদি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হন এবং তার সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে আলী হোসেন ফকির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পুলিশ বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাদের সময় নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলেই আজকের সুসংগঠিত পুলিশ বাহিনী গড়ে উঠেছে।

তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করার কারণে বাহিনীটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি কাটিয়ে উঠে পুলিশ আবারও জনআস্থা ফিরে পাচ্ছে এবং বাহিনীতে শৃঙ্খলাও ধীরে ধীরে ফিরে আসছে।

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আইজিপি। একইসঙ্গে মানুষের কল্যাণে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের প্রতিও সম্মান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ যারা পুরস্কৃত হয়েছেন, তারা সাহস, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন।

পুরস্কারপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, এই সম্মান শুধু স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ ও নেতৃত্বের প্রতীক। ভবিষ্যতেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শেষে তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশের সব সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এনএনবাংলা/পিএইচ