Skip to content

সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজারের বেশি হজযাত্রী, মারা গেছেন ১৪ জন

ফাইল ছবি

হজ পালনের উদ্দেশ্যে গত ১৮ এপ্রিল থেকে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী। এর মধ্যে ১৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৫২ হাজার ১১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

মোট ১৪৬টি ফ্লাইটে এসব যাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি ফ্লাইটে ২৮ হাজার ৪৪৮ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি ফ্লাইটে ১৯ হাজার ৩৫২ জন এবং ফ্লাইনাস এয়ার ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

চলতি বছরের প্রাক-হজ ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনার শেষ ফ্লাইট বৃহস্পতিবার রাতে সৌদি আরবে পৌঁছেছে।

বুলেটিনে আরও জানানো হয়, হজযাত্রীদের আবাসন, পরিবহন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট টিম সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

এদিকে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।

সর্বশেষ মৃত ব্যক্তি নাসরীন জাহান (৩৭)। তিনি গাজীপুর সদর উপজেলার চান্দনার বারোবাইকা এলাকার বাসিন্দা। গত ২৬ এপ্রিল সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জেদ্দায় পৌঁছান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মক্কায় পৌঁছানোর পর থেকেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে ১২ মে মদিনায় যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে মদিনার হারাম হাসপাতালে ভর্তি করা হলে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটে তিনি মারা যান। পরদিন ভোরে মদিনাতেই তার দাফন সম্পন্ন হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে হজ পালন করতে গিয়ে ৪৮ জন, ২০২৪ সালে ৬৫ জন এবং ২০২৩ সালে সর্বোচ্চ ১২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা যান।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন অংশ নেবেন। বেসরকারি ব্যবস্থাপনায় ৩০টি লিড এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে।

১৮ এপ্রিল শুরু হওয়া প্রাক-হজ ফ্লাইট আগামী ২১ মে শেষ হবে। মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

এনএনবাংলা/