চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল সাড়ে ৮টার কিছু পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে তার সফর শুরু হয়। এ সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে তার।
এরপর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
এনএনবাংলা/পিএইচ
