কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার গঠনের পর ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। কুমিল্লা বিভাগ গঠনের দাবি যদি জনগণের প্রত্যাশা হয়ে থাকে, তাহলে সেটিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে। নির্বাচনের আগে জনগণের কাছে যেসব অঙ্গীকার করা হয়েছিল, সেগুলো একে একে বাস্তবায়ন করা হবে। এজন্য দল ও সরকারের পাশে থেকে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসেই সরকার ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করেছে। সরকার গঠনের মাত্র ১০ দিনের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়, ফলে বিপুলসংখ্যক কৃষক ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ এবং কুমিল্লা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চল। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের শাসনে দেশের মানুষ নির্যাতন, গুম, খুন ও দমন-পীড়নের শিকার হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পাচার করায় দেশের অর্থনীতি চাপে পড়েছে। তবে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে এবং ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিএনপির শক্তি জনগণ—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন–এর সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এনএনবাংলা/পিএইচ
