Skip to content

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সিরিয়াস’ আলোচনার জন্য প্রস্তুত ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের ‘কোনো আস্থা নেই’। তবে ওয়াশিংটন যদি সত্যিকার অর্থে আন্তরিকতা দেখায়, তাহলে তেহরান আলোচনায় বসতে আগ্রহী বলেও জানান তিনি।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আরাগচি। ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে বর্তমানে ভারত সফরে রয়েছেন তিনি।

আরাগচির ভাষ্য, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ‘পরস্পরবিরোধী বার্তা’ ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে তেহরানের মধ্যে সন্দেহ তৈরি করেছে। তিনি আরও বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় চলা প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ হয়নি, তবে তা বর্তমানে ‘কঠিন পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি জানান, কূটনীতিকে সুযোগ দিতে ইরান এখনো যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে প্রয়োজন হলে দেশটি আবারও সংঘাতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

চীনের মধ্যস্থতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আরাগচি বলেন, যেসব দেশ পরিস্থিতি সমাধানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, তাদের যেকোনো উদ্যোগকেই ইরান স্বাগত জানায়।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। যদিও গত মাসে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতির ঘোষণা দেয়, তবুও স্থায়ী শান্তিচুক্তি চূড়ান্ত করতে এখনো জটিলতা কাটেনি।

গত সপ্তাহে উভয় পক্ষ একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা কার্যত স্থগিত হয়ে পড়ে।

এদিকে, গত ১৩ মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক বিমান হামলার কারণে তেহরানের সঙ্গে পূর্বের দুই দফা আলোচনা ভেস্তে যায়।

বর্তমানে দুই পক্ষের আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থার বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ।

সূত্র: রয়টার্স

এনএনবাংলা/পিএইচ