সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা

নিহত ১৫ জনের মধ্যে ৯ জনের বাড়ি নওগাঁ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৫ মে) ভোরে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, নিহতদের মধ্যে অন্তত ৯ জনের বাড়ি মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী জানান, ভোর ৫টার দিকে ট্রাকটি সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে পড়ে এবং ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এস এম হুমায়ুন কারনায়েক বলেন, দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান জানান, হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া গুরুতর আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া মান্দার বাসিন্দা আব্দুল রহমান জানান, তারা ১৮ জন নোয়াখালীর বেগমগঞ্জে ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। প্রায় দুই মাস পর ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন তারা। ফেনী থেকে ট্রাকে করে রওনা দেওয়ার পর ভোরে টাঙ্গাইল এলাকায় পৌঁছে দুর্ঘটনার শিকার হন।

তিনি বলেন, “অনেকেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করেই ট্রাকটি উল্টে যায়। যারা ঘুমিয়ে ছিলেন তারা রডের নিচে চাপা পড়েন। আমি ছিটকে পড়ে বেঁচে যাই।”

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা এখনও সংকটাপন্ন।

এনএনবাংলা/