সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, জঙ্গল সলিমপুরসহ সব অপরাধী চক্রকে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকার গভীরভাবে নজরদারি করছে এবং খুব শিগগিরই দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ও পুলিশের ওপর হামলার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসীরা খুবই উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে। এটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।”
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং দুর্বৃত্তায়নের একটি ‘মহামারি’ তৈরি হয়েছিল। জঙ্গল সলিমপুরকে “রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র” হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
মন্ত্রী আরও জানান, যৌথ অভিযানে এলাকায় বিপুল অস্ত্র উদ্ধার ও দাগী আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সেখানে ভবিষ্যতে পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স এবং চট্টগ্রাম জেলা কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে সাম্প্রতিক গোলাগুলির ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুই-একটি পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কিছু হয়নি। ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হয়।”
ধর্মীয় সম্প্রীতি ও মাদকবিরোধী অবস্থান
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সব ধর্মাবলম্বীর ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা হবে।
সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগের বিষয়ে তিনি সাংবাদিকদের তথ্য দিতে আহ্বান জানিয়ে বলেন, “তথ্য দিলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।” মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলেও জানান তিনি।
টোল প্লাজায় যানজট কমাতে ডিজিটাল টোল ব্যবস্থা
ঈদযাত্রায় টোল প্লাজায় দীর্ঘ যানজটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ম্যানুয়ালি টোল আদায়ের কারণে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। উন্নত দেশগুলোর মতো স্বয়ংক্রিয় ডিজিটাল টোল ব্যবস্থা চালুর বিষয়ে সরকার চিন্তা করছে।
‘ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী নয়’: র্যাব ডিজি
একইদিন র্যাব সদর দপ্তরে আয়োজিত পৃথক ব্রিফিংয়ে মো. আহসান হাবীব পলাশ বলেন, জঙ্গল সলিমপুরে হামলার ঘটনায় র্যাবের কিছু দুর্বলতা ছিল, তবে ইয়াসিন বাহিনী কোনোভাবেই র্যাবকে ‘ওভার পাওয়ার’ করার মতো শক্তিশালী নয়।
তিনি বলেন, “হামলাটা মূল র্যাব ক্যাম্পে হয়নি। নতুন বিশেষ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়ার সময় অতর্কিত হামলা করা হয়। আমরা হয়তো তাদের সেই মাত্রার মনিটরিং করতে পারিনি, তবে তাদের কোনোভাবেই সেখানে টিকে থাকার সুযোগ দেওয়া হবে না।”
র্যাব ডিজি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসীদের এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে।
এনএনবাংলা/
