Skip to content

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলো ক্ষুদ্ধ জনতা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় মোটরসাইকেল মেকানিক শাহজাহান (৪৫) এবং তার ছেলে মোহাম্মদ আরিফ (১৮)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে গ্যারেজে যাওয়ার পথে শাহজাহান ও তার ছেলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস এবং একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন বাবা-ছেলে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/