Skip to content

Upcoming
United States
0-0
Australia
Source: ESPN

‘মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই!’, ম্যাচের পর মুগ্ধ স্কালোনি

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয়ের নায়ক হন লিওনেল মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সের পর ফুটবল বিশ্বজুড়ে শুরু হয়েছে মেসি-বন্দনা। সেই তালিকায় যোগ দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেসির পারফরম্যান্সকে ভাষায় প্রকাশ করার মতো শব্দ তার কাছে নেই।

মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘লিওকে নিয়ে নতুন করে বলার মতো আর কিছুই নেই। সে সত্যিই অবিশ্বাস্য। গত দুই দশক ধরে সে একই ধারাবাহিকতায় অসাধারণ ফুটবল খেলে যাচ্ছে। বিশ্বের প্রতিটি ফুটবলপ্রেমী তাকে মাঠে দেখতে এবং তার খেলা উপভোগ করতে চায়।’

শুধু গোল করাই নয়, মেসির লড়াকু মানসিকতারও ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টাইন কোচ। স্কালোনির ভাষায়, ‘মাঠে সে কখনো একটি বলের আশাও ছেড়ে দেয় না। এই মানসিকতাই আমাদের দলের পরিচয়। অধিনায়ক হিসেবে তার সেই লড়াই করার ইচ্ছাটাই আজ পুরো দল মাঠে দারুণভাবে অনুসরণ করেছে।’

তবে বড় ব্যবধানে জয় পেলেও ম্যাচটি মোটেও সহজ ছিল না বলে মনে করেন স্কালোনি। আলজেরিয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই জানতাম কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। আলজেরিয়া খুবই ভালো একটি দল এবং তারা দারুণ ফুটবল খেলেছে। আমরাও নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। বাস্তবে ম্যাচটি ছিল বেশ কঠিন।’

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের হারের স্মৃতিও তুলে আনেন স্কালোনি। তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই মানসিকভাবে কঠিন হয়। গত বিশ্বকাপে আমরা শুরুতেই হেরে গিয়েছিলাম। তাই এবার আত্মবিশ্বাস ধরে রাখতে ভালোভাবে শুরু করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা সেই দায়িত্বটা দারুণভাবে পালন করেছে।’ এনএনবাংলা/পিএইচ