



চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুরুল আলম নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। তাকে আগের দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছিল।
কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, সাতকানিয়া থানার একটি মামলায় মঙ্গলবার সন্ধ্যায় নুরুল আলমকে কারাগারে আনা হয়। বুধবার সকালে তিনি শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কথা জানান। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নুরুল আলমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। স্বজনদের দাবি, মঙ্গলবার দুপুরে সাতকানিয়া থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের ভাষ্য, নুরুল আলম সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকায় ব্যবসা করতেন তিনি।
নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে ‘যুবলীগ’ পরিচয় ব্যবহার করে মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়েছে।
তিনি বলেন, “আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। সে স্বাভাবিকভাবে চলাফেরা করত এবং নিয়মিত রেয়াজউদ্দিন বাজারে নিজের দোকানে বসত। কেরানীহাটে আমাদের একটি জমি নিয়ে কিছু লোকের সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তাকে গ্রেপ্তার করানো হয়েছে।”
নূর মোহাম্মদ আরও জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতকানিয়া থানার সামনে থেকে গোয়েন্দা পুলিশ নুরুল আলমকে আটক করে। পরে দ্রুত থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাকে কারাগারে নেওয়ার সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। বুধবার সকালে কারাগার কর্তৃপক্ষ ফোন করে মৃত্যুর খবর জানিয়ে হাসপাতালে যেতে বলে।
ভাইয়ের দাবি, নুরুল আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোহাম্মদ ইব্রাহীম এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/পিএইচ
Tags: গ্রেপ্তারচট্টগ্রামডিবিযুবলীগ নেতা
এ সম্পর্কিত আরও পড়ুন