




ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
ট্রাম্প জানান, তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ন্যাটো জোটে স্পেনকে তিনি ‘ভয়ানক অংশীদার’ বলে মন্তব্য করেন।
এর পেছনে গত মার্চের একটি ঘটনার কথা উঠে এসেছে। সে সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। পাশাপাশি মার্কিন যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছিল দেশটি। ওই ঘটনার ধারাবাহিকতায় ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ন্যাটো শীর্ষ সম্মেলনে ইরানের সঙ্গে করা সমঝোতা চুক্তির বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “আমার ধারণা, ইরানের সঙ্গে সমঝোতা স্মারকটি শেষ হয়ে গেছে।”
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সংস্থাটির দাবি, এসব হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেন্টকম আরও জানায়, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার সক্ষমতা কমিয়ে আনতে হরমুজ প্রণালির ভেতর ও আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ওই হামলার অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সূত্র: আল জাজিরা
এনএনবাংলা/
Tags: ইরানট্রাম্পডোনাল্ড ট্রাম্প
এ সম্পর্কিত আরও পড়ুন