Skip to content

Upcoming
Norway
0-0
England
Source: ESPN

নরওয়ের জার্সির জন্য ইউরোপজুড়ে হাহাকার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল মাঠে নামছে ইংল্যান্ড ও নরওয়ে। তবে ম্যাচের আগেই ইউরোপজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নরওয়ে জাতীয় ফুটবল দলের জার্সি। বিশ্বকাপে দলটির দুর্দান্ত পারফরম্যান্সের জেরে অফিসিয়াল বাজারে জার্সির স্টক প্রায় শেষ হয়ে গেছে। নাইকি ও বিভিন্ন অনুমোদিত বিক্রয়কেন্দ্রে মার্চে বাজারে আসার পর থেকেই জার্সিটি ‘আউট অব স্টক’ হওয়ার খবর মিলছে।

নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) স্বীকার করেছে, জার্সির চাহিদা নিয়ে তাদের পূর্বাভাস বড় ধরনের ভুল ছিল। ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর নতুন চালান বাজারে এলেই মুহূর্তের মধ্যে কিনে নিচ্ছেন সমর্থকরা। এর সঙ্গে ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং ব্রুট হালান্ডের জনপ্রিয়তাও চাহিদা বাড়িয়ে দিয়েছে। এমনকি একটি জার্সি কিনতে অনেক ভক্তকে দোকানের সামনে রাতভর তাঁবু খাটিয়ে অপেক্ষা করতেও দেখা গেছে।

এনএফএফ-এর কমার্শিয়াল ডিরেক্টর রুনার পাহর আন্দ্রেসেন বিবিসিকে জানান, চাহিদা তাদের প্রত্যাশার অনেক বাইরে চলে গেছে। তার ভাষ্য, গত বছরের একই সময়ে যেখানে প্রায় ৫০ হাজার জার্সির অর্ডার ছিল, সেখানে এবার খুচরা বিক্রেতাদের কাছ থেকে প্রায় আড়াই লাখ জার্সির অর্ডার এসেছে।

তিনি আরও বলেন, জার্সি বিক্রি থেকে এবার রেকর্ড পরিমাণ আয় হয়েছে। তবে চলমান বিশ্বকাপের মাঝপথে রাতারাতি উৎপাদন বাড়ানো সহজ নয় বলেও উল্লেখ করেন তিনি।

ওসলুর তোর্শভ স্পোর্টের স্টোর ম্যানেজার অ্যান্ডার্স লিলেবার্গ স্থানীয় গণমাধ্যমকে জানান, বুধবারের বিক্রির জন্য মঙ্গলবার থেকেই দোকানের সামনে প্রায় ৬০০ মিটার দীর্ঘ লাইন পড়ে যায়। বহু বছর ধরে কাজ করলেও এমন উন্মাদনা তিনি আগে কখনও দেখেননি বলে মন্তব্য করেন।

চাহিদার এই ঘাটতির সুযোগে রিসেল ও কালোবাজারেও বেড়েছে জার্সির দাম। নাইকির অফিসিয়াল ওয়েবসাইটে ৮৯.৯৯ পাউন্ড (প্রায় ১০০ ডলার) দামের হোম জার্সি এখন বিভিন্ন রিসেল সাইটে বিক্রি হচ্ছে ৩৫৫ পাউন্ড (প্রায় ৪৭৬ ডলার) পর্যন্ত। একইভাবে ব্ল্যাকআউট অ্যাওয়ে জার্সির দাম উঠেছে ২৩১ পাউন্ডে।

ইরাক, সেনেগাল, আইভরি কোস্ট এবং সর্বশেষ ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া নরওয়েকে ঘিরে সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে। এদিকে স্পনসর প্রতিষ্ঠান নাইকি ভক্তদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই নরওয়ের বাজারে নতুন ব্যাচের জার্সি সরবরাহের চেষ্টা চলছে।

এনএনবাংলা/