সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির সামনে শুধু বিদায়ের আবেগ নয়, অপেক্ষা করছে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগেই মেসি দাঁড়িয়ে আছেন সরাসরি ফ্রি-কিক থেকে গোলের সর্বকালের রেকর্ডের খুব কাছে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে বেনিনের বিপক্ষে। বাংলাদেশের সময় আগামীকাল ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বিদায়ের মঞ্চে মেসিকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই ম্যাচেই নতুন এক রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।

সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোল এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা। তার ফ্রি-কিক গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। রেকর্ডের এতটা কাছে মেসি পৌঁছেছেন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কিছু ফ্রি-কিক গোলের সুবাদে। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও পান ফ্রি-কিক থেকে গোল। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন মেসি। তাতেই তার মোট সংখ্যা পৌঁছে যায় ৭৬-এ। ফলে বেনিনের বিপক্ষে সমীকরণটাও বেশ সহজ। একটি গোল করলে রেকর্ডের সঙ্গে ব্যবধান কমবে একটিতে, দুটি করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি।

তবে এই জায়গাতেই রয়েছে মেসির জন্য আরেকটি চ্যালেঞ্জ। ক্লাব ক্যারিয়ারে এক ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি তার আছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি ফ্রি-কিক গোল করতে পারেননি। বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই একসঙ্গে পূরণ হতে পারে তার দুটি স্বপ্ন। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং ফ্রি-কিকের সর্বকালের রেকর্ড।

জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় দেয়। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি।

এবার সেই বর্ণাঢ্য অধ্যায়ের শেষ ম্যাচ। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন বাজবে ৬ অক্টোবর রাত ৮টা।

এনএনবাংলা/এনজেড