অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলোচনায় এসেছেন তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্থিক জরিমানা করতে যাচ্ছে।
দলের নির্ধারিত নিয়ম অনুযায়ী, বিদেশ সফরে থাকা ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে অন্য কোথাও যেতে হলে টিম ম্যানেজমেন্টের অনুমতি নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন ক্রিকেটারকে আর্থিক শাস্তির আওতায় আনা হচ্ছে। প্রত্যেকের ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট ক্রিকেটারদের জানানো হয়েছে।
জাপানে ম্যাচের আগের রাতে নাগোয়ার সাকাই এলাকায় কয়েকজন ক্রিকেটারকে ঘুরতে দেখা যায়। কেউ কেউ নাগোয়া ছেড়ে অন্য শহরেও গেছেন। এ নিয়ে শনিবার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে লিটনের পালটা প্রশ্ন, ‘কী করলে আপনার মনে হবে খেলা গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে?’ নিজের বক্তব্যের সমর্থনে লিটন বলেন, পর্যাপ্ত অনুশীলনের সুযোগ-সুবিধা ছিল না। গেমস কর্তৃপক্ষের দেওয়া খাবারও খাওয়ার উপযোগী ছিল না। তাই বাইরে যেতে হয়েছে বলে দাবি তার। লিটনের ভাষায়, ‘এশিয়ান গেমস থেকে যে খাবার আমাদের দেওয়া হচ্ছে, সেটা যখন খাওয়ার উপযোগী হচ্ছে না, তখন তো খেতে গেলে বাইরে যেতে হবেই।’
এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে ওঠে। এরপর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারে লিটন দাসের নেতৃত্বাধীন দল। পরে ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার তুলনামূলক দ্বিতীয় সারির দলের বিপক্ষেও ব্যাটিংয়ে ব্যর্থ হয় বাংলাদেশ। মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হেরে যায় দলটি। ফলে এশিয়ান গেমস থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
এনএনবাংলা/এফএস
