Skip to content

Upcoming
France
0-0
England
Source: ESPN

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা, গ্রেপ্তার ১৬০

ছবি: সংগৃহীত

স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ফ্রান্সের বিদায়ের পর মাঠের হতাশা ছড়িয়ে পড়ে রাজপথেও। ম্যাচ শেষে প্যারিস ও লিওঁসহ কয়েকটি শহরে সমর্থকদের একাংশের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই শহর মিলিয়ে ১৬০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির খবরে বলা হয়েছে, এর মধ্যে শুধু প্যারিস থেকেই ১৪১ জনকে আটক করা হয়েছে। পুলিশ প্রিফেকচারের তথ্য অনুযায়ী, অধিকাংশকে গ্রেপ্তার করা হয় পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপের অভিযোগে। তবে এসব ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে লিওঁর প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় শত শত সমর্থক ম্যাচটি উপভোগ করেন। খেলা শেষ হওয়ার পরও সেখানে কিছু দর্শক অবস্থান করছিলেন। একপর্যায়ে কয়েকটি ছোট দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু, বিশেষ করে আতশবাজি ছুড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট সিআরএস ৮৩-এর সহায়তা নেয় পুলিশ। যৌথ অভিযানে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করা হয় এবং প্রায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের অধিকাংশই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।

কর্তৃপক্ষের দাবি, পুরো অভিযানজুড়ে কোথাও গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি। পাশাপাশি কোনো ধরনের সম্পদের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এনএনবাংলা/