Skip to content

Upcoming
France
0-0
England
Source: ESPN

সায়েন্সল্যাব ছেড়ে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

তিন দফা দাবিতে প্রায় আধা ঘণ্টা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন। তাদের সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে অবস্থানকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে সেখান থেকে সংগঠিত হয়ে তারা সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। মিছিলের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরতে এসেছি। এখনো আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন হয়নি। তাই শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের কাছে আমাদের দাবি জানাব।”

আরেক শিক্ষার্থী নূরনন্নবী বলেন, “দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক শিক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক। সরকার দ্রুত এসব দাবি বাস্তবায়ন করবে বলে আশা করছি।”

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড এবং শাহবাগমুখী সড়কে আটকে থাকা যানবাহনের চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। এর আগে অবরোধের কারণে পুরো এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এনএনবাংলা/