Skip to content

Upcoming
France
0-0
England
Source: ESPN

এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ সচিবালয়ের পথে, রাজধানীর চার স্থানে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তবে সায়েন্সল্যাবে অবস্থানরত শিক্ষার্থীরা পরে সড়ক ছেড়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করেন।

অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা চারটি এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মিরপুর-১০ গোলচত্বর এবং ইসিবি চত্বরে সড়ক অবরোধ করলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।

বিকেল ৩টার দিকে সায়েন্সল্যাবে অবস্থানরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করেন। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। শিক্ষার্থীরা সরে গেলে সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করতে হবে। আন্দোলনের সময় তারা এসব দাবির পক্ষে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’ এবং ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত এক পরীক্ষার্থী বলেন, “আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, আজ বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ করব। আমাদের দাবি এখনো মানা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

এনএনবাংলা/