




বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণকে ঘিরে ছিল তুমুল আগ্রহ। সুবিশাল আটলান্টা স্টেডিয়ামের মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই লাগে আধ ঘণ্টার বেশি। ঐতিহাসিক এই ম্যাচকে ঘিরে সংবাদ সম্মেলন কক্ষও ছিল সাংবাদিকে পরিপূর্ণ।
ইংল্যান্ড দলের বেসক্যাম্প কানসাসে। সেখান থেকে দুপুরে অনুশীলন শেষ করে তারা আটলান্টায় পৌঁছায়। স্থানীয় সময় বিকেল ৬টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও দলটি দেরিতে পৌঁছানোয় প্রায় আধ ঘণ্টা বিলম্বে শুরু হয় পুরো কার্যক্রম।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে শুধু সেমিফাইনাল নিয়েই নয়, আর্জেন্টিনা-ইংল্যান্ডের দীর্ঘদিনের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নিয়েও নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। প্রায় আধ ঘণ্টার এই সংবাদ সম্মেলনের শেষ দিকে প্রশ্ন করার সুযোগ পান এক বাংলাদেশি সাংবাদিক।
ম্যাচের কৌশল নয়, বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থন নিয়ে জানতে চাইলে স্কালোনি বলেন, “আমরা সত্যিই বিস্মিত। এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে, তা অসাধারণ। বাংলাদেশে অনেক মানুষ আর্জেন্টিনার জার্সি পরে। বিষয়টি আমাদের জন্য খুবই সুন্দর ও আনন্দের। আশা করি আগামীকালের ম্যাচে আমরা তাদের ভালো কিছু উপহার দিতে পারব।”
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থন নতুন নয়; তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় সেই উন্মাদনা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। সে সময়ও বাংলাদেশের সমর্থন নিয়ে মন্তব্য করেছিলেন স্কালোনি। এবার বিশ্বকাপেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ মিক্সড জোনে এবং ব্রাজিলের ব্রুনো গিমারেস সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন।
বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আন্তর্জাতিক অঙ্গনে বারবার আলোচনায় আসে। তাই মাঠে না খেলেও বিশ্বকাপের আবহে এক বিশেষ উপস্থিতি হয়ে থাকে বাংলাদেশের সমর্থকদের।
এনএনবাংলা/
Tags: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনাবাংলাদেশলিওনেল স্কালোনিসেমিফাইনাল
এ সম্পর্কিত আরও পড়ুন