গোল্ডেন বুট জিতে এমবাপ্পের অনন্য কীর্তি
স্পেনের বিপক্ষে ফাইনালে পরাজয়ের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেছে লিওনেল মেসির। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে গোলের দেখা না পাওয়ায় গোল্ডেন বুটের লড়াইয়েও পিছিয়ে পড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতে নিয়েছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারলেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ফাইনালে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না মেসি। ফলে আসরজুড়ে তার গোলসংখ্যা ৮-এই থেমে যায়। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে নেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এমবাপে নিজের মোট গোলসংখ্যা ১০-এ নিয়ে যান। এর মধ্য দিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট নিশ্চিত করেন।
এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছেন এমবাপে। ফুটবল বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বুট জয়ের অনন্য রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ৮ গোল করে এই সম্মান অর্জন করেছিলেন ফরাসি এই ফরোয়ার্ড।
এদিকে ২০২৬ বিশ্বকাপে ১০ গোল করার সুবাদে এমবাপের মোট বিশ্বকাপ গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২-এ। ইংল্যান্ডের বিপক্ষে করা তার দ্বিতীয় গোলটি বিশ্বকাপে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যায়। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও উঁচু অবস্থানে উঠে গেলেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড।
এনএনবাংলা/
