আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি এখন সময়ের অপেক্ষা। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর তার ভবিষ্যৎ নিয়ে শুরু হওয়া জল্পনার মধ্যে এবার অবসরের একটি স্পষ্ট সময়রেখা সামনে এসেছে।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার জার্সিতে আর কোনো বিশ্বকাপে দেখা যাবে না এই মহাতারকাকে। তবে এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না তিনি। দলের একটি মসৃণ পালাবদল (ট্রানজিশন) নিশ্চিত করতে আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলবেন, এরপরই আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
প্রতিবেদন অনুযায়ী, লা আলবিসেলেস্তেদের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার কোনো পরিকল্পনা নেই মেসির। তবে হঠাৎ করেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পরিবর্তে নতুন প্রজন্মের খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে তিনি আরও কিছুদিন আর্জেন্টিনার হয়ে খেলবেন। এরপর নিকট ভবিষ্যতেই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
এদিকে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানিয়েছে, মেসির জন্য একটি জাঁকজমকপূর্ণ ও হাই-প্রোফাইল বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে এএফএ। এর মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা এই তারকাকে রাজকীয়ভাবে বিদায় জানানোর সুযোগ পাবেন ভক্তরা। সাধারণত বিশ্ব ফুটবলের বড় তারকাদের অবসর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে ১০ নম্বর জার্সিধারী মেসির বিদায়টি হবে ব্যতিক্রমী, জমকালো এবং স্মরণীয়—এমনটাই ইঙ্গিত মিলেছে।
২০২৬ বিশ্বকাপেও বয়সকে কেবল সংখ্যায় পরিণত করেছিলেন মেসি। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পুরো টুর্নামেন্টে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেন তিনি। এতে তিনি আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নেন। তবে স্পেনের বিপক্ষে ফাইনালে হারের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মেসি। সে সময় আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময়ই খোলা থাকবে।
আন্তর্জাতিক ফুটবলে মেসির পথচলা ছিল উত্থান-পতনের এক অনন্য গল্প। ক্যারিয়ারের এক পর্যায়ে টানা কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে সমালোচনার মুখে পড়লেও পরে সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে আর্জেন্টিনাকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল সময়ে নিয়ে যান তিনি। তার নেতৃত্বেই আর্জেন্টিনা জিতেছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
এনএনবাংলা/
