মধুখালী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি দখলমুক্ত
ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভার সদর বাজার এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
অভিযানে সরকারি জমি দখলমুক্ত করে বাজারে নতুন একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি ভবনের অবৈধ বারান্দা ও দেয়ালের অংশ অপসারণ করা হয় এবং সড়ক নির্মাণে বাধা হয়ে থাকা গাছপালা কেটে ফেলা হয়।
অভিযান চলাকালে তা বন্ধ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মুঠোফোনে বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগের চেষ্টা করা হলেও তিনি আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান অব্যাহত রাখেন।
মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ কমিটির অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত জটিলতার আংশিক সমাধান হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে আরও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত সাংবাদিকদের জানান, বাজারের জলাবদ্ধতা নিরসনে দখল হয়ে থাকা হালট, ড্রেন ও সরকারি জমি আগামী এক সপ্তাহের মধ্যে দখলমুক্ত করা হবে। প্রাথমিকভাবে দখলদারদের মৌখিকভাবে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে বাজার কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
