Skip to content

লন্ডনে শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথোপকথনের কোনো তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য বা প্রমাণ সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ সংক্রান্ত সংবাদ তিনি পত্রিকায় দেখেছেন, তবে সরকারের কাছে এমন কোনো তথ্য নেই।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান ইন্টারনেটের যুগে কারও সঙ্গে কথা বলতে চাইলে লন্ডনে যাওয়ার প্রয়োজন হয় না, এখান থেকেই যোগাযোগ করা সম্ভব।

লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিন ফোনে আলাপ করেছেন—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি সংবাদপত্রে দেখেছেন। কী তথ্যপ্রমাণের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সংশ্লিষ্টদের কাছেই জানতে হবে। সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

বিরোধী দলের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন তারা রাষ্ট্রপতির গ্রেপ্তার চান, সে বিষয়ে তাদের কাছেই জানতে হবে। তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রপতির সমালোচনা বা তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অধিকার মানুষের রয়েছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মানুষের মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের আমলে মো. সাহাবুদ্দিন সংবিধান ও বিধিবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, সরকার রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়মুক্তির (ইমিউনিটি) সুবিধা ভোগ করেন এবং দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। এ বিষয়ে কেউ ব্যক্তিগত মতামত দিতে পারেন, তবে তা আমলে নেওয়ার মতো কিছু দেখছেন না বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় যদি কোনো অভিযোগ থেকে থাকে, তা সেই সময়ের বিষয় এবং আইন অনুযায়ী তার কার্যক্রম চলবে।

এ সময় তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী নির্ধারিত সব সুযোগ-সুবিধা পাবেন। তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং অন্যান্য নিরাপত্তা সুবিধা ছয় মাসের জন্য বহাল থাকবে। পাশাপাশি পুলিশসহ প্রয়োজনীয় নিরাপত্তা সুবিধাও তিনি পাবেন।

এনএনবাংলা/