ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে নতুন অভিযোগ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামসহ দেশের ২৭ জন শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগপত্র জমা দেন।
পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্নভাবে উসকানি, সমর্থন এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্ধন দিয়েছেন। এছাড়া গণঅভ্যুত্থানের পরও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও পোস্টের মাধ্যমে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের কটাক্ষ এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তদের তালিকায় আরও রয়েছেন রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, নিপুন আক্তার, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, অজিজুল হাকিমসহ সাংস্কৃতিক অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ।
অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস বলেন, অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত নিশ্চিত করা প্রয়োজন।
তবে অভিযোগ দাখিল করা মানেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন নয়। তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেবে।
এনএনবাংলা/
