Skip to content

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক।

তিনি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল জানতে পারবেন।

এদিকে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফল সংগ্রহ ও দেখার নিয়মাবলি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

এ ছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এনএনবাংলা/