মতিঝিলের ‘ছাতা বোমার’ পর এবার আশুলিয়ায় মিলল ‘প্রেশার কুকার বোমা’

রাজধানীর মতিঝিলে ‘ছাতা বোমা’ উদ্ধারের ঘটনার এক সপ্তাহ না পেরোতেই এবার সাভারের আশুলিয়ায় একটি দোকানের সামনে ফেলে রাখা ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ‘প্রেশার কুকার বোমা’। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিশেষ প্রক্রিয়ায় বোমাটি নিষ্ক্রিয় করে।
যদিও বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে বোমাটি উদ্ধার করা হয়, বিষয়টি শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে আশুলিয়ার চারাবাগ এলাকার ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি দোকানে মাস্ক পরা এক ব্যক্তি কোমল পানীয় কিনতে আসেন। তিনি দোকানিকে ২০০ টাকার একটি নোট দেন। খুচরা টাকা না থাকায় দোকানি পাশের দোকানে টাকা ভাঙাতে গেলে সেই সুযোগে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ দোকানে রেখে দ্রুত চলে যান।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেউ ব্যাগটি নিতে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগ খুলে তারা স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে। প্রাথমিক পরীক্ষায় প্রেশার কুকারের ভেতরে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
বিশেষজ্ঞ দল শুক্রবার সকাল ৬টা ২২ মিনিটে প্রেশার কুকারটি পাশের একটি খোলা মাঠে নিয়ে যায়। সেখানে মাটিতে গর্ত করে সেটি স্থাপন করার পর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের বরাতে পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বোমাটি ছিল বেশ শক্তিশালী। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্যাগটি রেখে যাওয়া অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ লক্ষ্যে পুলিশের একাধিক দল কাজ করছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার ভেতর অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটিও নিষ্ক্রিয় করে।
এনএনবাংলা/
